Voice World BD News

চীনা দূতাবাসের উপহার ‘নিজেদের’ বলে বিপাকে জামায়াত!

চীনা দূতাবাসের উপহার ‘নিজেদের’ বলে বিপাকে জামায়াত!

চীনা দূতাবাসের উপহার ‘নিজেদের’ বলে বিপাকে জামায়াত!

বাংলাদেশ জামায়াতে ইসলামী চীনা দূতাবাসের পক্ষ থেকে বিতরণ করা খাদ্যসামগ্রীকে নিজেদের যৌথ উদ্যোগ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তীব্র সমালোচনার মুখে পড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে দাবি করা হয়, মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, এতে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রচার শুরুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে জামায়াতের এই দাবিকে ‘মিথ্যাচার’ ও ‘অপপ্রচার’ হিসেবে আখ্যা দেন। এরই ধারাবাহিকতায় দলটি তাদের পোস্টটি ধাপে ধাপে সংশোধন করতে বাধ্য হয়। পোস্টটির এডিট হিস্ট্রি থেকে জানা গেছে, এটি চারবার সংশোধন করা হয়েছে।

সর্বশেষ সংশোধিত পোস্টে লেখা হয়েছে, আজ ১৭ মার্চ, মঙ্গলবার সকাল ১১ টায়, ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের জনসাধারণের জন্য ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে খাবার বিতরণ করেন চীনা রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। তবে এখানেও ডা. শফিকুর রহমানকে দলীয় পরিচয়ের বদলে ‘ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য’ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই খাবার বিতরণ অনুষ্ঠানের ছবি পোস্ট করে পরিষ্কারভাবে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে চীনা দূতাবাস।

চীনা দূতাবাসের পোস্টে জামায়াতের আমিরের অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি উল্লেখ করে বলা হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্যসামগ্রী চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

জামায়াতের পক্ষ থেকে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দলীয় পর্যায়ে সম্পর্ক জোরদার ও তৃণমূলে সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়।

 

বাংলা ম্যাগাজিনএস এইচ

Exit mobile version