প্রতিশোধের রাজনীতি অনেক হয়েছে, আর দরকার নাই: রুমিন ফারহানা

প্রতিশোধের রাজনীতি অনেক হয়েছে বাংলাদেশে। আর প্রতিশোধের দরকার নাই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের ইসলামপুরে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মামলা বাণিজ্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। মামলা বাণিজ্যের ব্যাপারে শুরু থেকে কেউ কথা বলে নাই। আমি বলেছিলাম। আমি বলেছিলাম একেকটা মামলা এফআইআরে, শত-শত মানুষকে আসামি করা হয়। মিথ্যা মামলা দেয়ার জন্য পয়সা নেয়, আবার নাম কাটানোর জন্য পয়সা নেয়। আমি বার বার বলেছিলাম, এই মামলা বাণিজ্য কিন্তু ধ্বংস নিয়ে আসবে।’
রমিন বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সবাই মিলে, সবার সহযোগিতায় সামনে আগাবো।’
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে, কিন্তু যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, কেবলমাত্র আপনার সঙ্গে ব্যক্তিগত ঝামেলা আছে ব্যবসা নিয়ে ঝামেলা আছে। কিংবা টাকা দিয়েছেন টাকা পান নাই। তার ফলে তার নামটাকে দেবেন না। এই মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দেব না।’
তিনি আরও বলেন, ‘আমি থানার পুলিশ ভাইদের অনুরোধ করবো মিথ্যা মামলা যখন আসে দয়া করে তা যাচাই-বাছাই করে নেবেন।’
রুমিন বলেন, ‘আরেকটা শুরু হয়েছে শোন এরেস্ট। জামিন হয়ে যায় বের হওয়ার সময় জেল গেটে বের হলে আরেকটা মামলা আসে। এগুলোর পরিণতি ভালো হবে না। কোনো একটা জায়গায় আমাদের থামতে হবে। আমি পাঁচ বছর ক্ষমতায় থাকবো আমি শোধ নিলাম। আবার নতুন যারা আসবে, তারা আমাদের ওপর শোধ নেবে।’
তিনি আরও বলেন, ‘আবার আমরা আসবো, আমরা শোধ নেব। আর কত শোধ দেয়া নেয়া করবো। এবার আমাদের নতুন করে চিন্তা করা দরকার। অপরাধীদের নিশ্চয়ই শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু নিরপরাধ বিনা অপরাধে যেন কাউকে সাজা দেয়া না হয়।’
সভায় বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. এমরান জাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলা ম্যাগাজিন / এসএন



