মহাকাশপ্রেমীদের জন্য সুখবর। আয়োজিত হতে যাচ্ছে চাঁদ পর্যবেক্ষণ ক্যাম্প। আগামী ২২ আগস্ট, শনিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ টেরেসে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্প চলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।
আয়োজকেরা জানিয়েছেন, টেলিস্কোপের সাহায্যে চাঁদ পর্যবেক্ষণের সুযোগ থাকছে সবার জন্য। খোলা আকাশের নিচে বসে চাঁদের গর্ত, পাহাড় ও নানা বৈশিষ্ট্য কাছ থেকে দেখার পাশাপাশি অংশ নেওয়া যাবে শৌখিন জ্যোতির্বিদদের আনন্দঘন আড্ডায়।
মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহী যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন। টেলিস্কোপে চোখ রেখে চাঁদকে কাছ থেকে দেখার পাশাপাশি শৌখিন জ্যোতির্বিদদের সঙ্গে আড্ডায় জানা যাবে মহাকাশের নানা মজার তথ্য।
এই ক্যাম্প আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সহযোগিতায় রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানচর্চার পুরোনো ও গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর একটি। ১৯৮৮ সালের ৫ মে একদল তরুণ জ্যোতির্বিজ্ঞানপ্রেমীর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। মূল লক্ষ্য ছিল বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানকে জনপ্রিয় করা এবং এ বিষয়ে আগ্রহীদের শেখার ও চর্চার সুযোগ তৈরি করা।
