অক্টোবরে আয়োজিত হতে যাচ্ছে রোবটিকসের অলিম্পিকখ্যাত ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬ (এফজিসি)। আগামী ৭-১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে আয়োজিত হবে রোবটিকসের এই বিশ্ব আসর। এতে বিশ্বের ১৯৫টি দেশের মধ্য থেকে মোট ১৯০টি দেশ অংশ নেবে। দশমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দলও।
বাংলাদেশ দলের নির্বাচিত সদস্যরা হলেন মাহরুজ মোহাম্মদ আয়মান, মো. মুহতাসাম মুশাররফ শাফি, মো. ইশমাম শাহরুজ চৌধুরী, সুহানা মান্নান, নূরাজ হোসেন, সারিম আহমেদ, নুজহাত জাহান ও সন্দীপন কুণ্ডু। প্রধান মেন্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ শামস জাবের। এ ছাড়াও মেন্টর হিসেবে রয়েছেন রায়হান আহমেদ রাহাত, সিফাত সামিয়া ইসলাম, মুহাম্মদ আহসান নাহিয়ান, ফায়েজ আলম রিমন ও তাহা কাইজার দিসাওয়ালা। বাংলাদেশ দল নির্বাচন, প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে দ্য টেক অ্যাকাডেমি।
