‘দেশকে সঠিক পথে পরিচালনা করতে সৎ ও যোগ্য লোকের কোনও বিকল্প নেই’: এ্যাডভোকেট এহসানুল

দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য সৎ ও যোগ্য লোকের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে এই আয়োজনে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের পাশাপাশি সুধীজন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রমজান মাস হলো শ্রেষ্ঠতম মাস। এ মাসের একটি সুন্নাহ অন্য মাসের একটি ফরজের সমান আর একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজের সমান। এ মাসের প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহ তাআলা অবারিত সওয়াব দিয়ে থাকেন।’

তিনি বলেন, এ মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এই কঠিন সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ছোট্ট এই দেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। এই বৃহৎ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলেই তা হবে আমাদের জন্য বড় সম্পদ। সঠিক নেতৃত্বের কারণে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের দেশকে উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে পারিনি। তাই দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য সৎ ও যোগ্য লোকের কোনও বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমির মাস্টার আব্দুল হামিদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলার যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শাহ আলম সরকার, সদস্য সচিব মাহবুব জামান শিহাব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Exit mobile version