শিরোপা দৌড়ে এগিয়ে আর্সেনাল

চলমান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জয়হীন ছিল আর্সেনাল। তাতে শিরোপার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল মিকেল আর্তেতার শিষ্যরা। এবার টটেনহ্যামের বিপক্ষে ঘুরে দাঁড়াল তারা। রবিবার উত্তর লন্ডন ডার্বিতে দুর্দান্ত পারফরমেন্সে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। দলের হয়ে মিডফিল্ডার এবেরেচি এজে এবং ভিক্টর গাইকোরেস জোড়া গোলের দেখা পান। এ নিয়ে ২৮ ম্যাচে ১৮ জয় ও সাত ড্রয়ে ৬১ পয়েন্ট আর্সেনালের। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। জয়সূচক একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার। এই জয়ে লিগ টেবিলে ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। তাদের ওপরে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও সমান ৪৫।
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে টটেনহ্যামে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়া এজে আবারও সাবেক আগ্রহীদের বিপক্ষে জ্বলে উঠলেন। ১৮ ম্যাচ গোলশূন্য থাকার পর আবারও জোড়া গোল করে কোচের আস্থা ফিরিয়ে দেন ২৭ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। ব্রেন্টফোর্ড ও উলভসের বিপক্ষে ড্র করে শিরোপা দৌড়ে ভালোই চাপে পড়েছিল আর্সেনাল। অন্যদিকে টটেনহ্যামের দুর্দশা আরও গভীর হয়েছে। অন্তর্বর্তী কোচ ইগর তুদোরের প্রথম ম্যাচেই টানা নবম লিগ ম্যাচে জয়হীন রইল দলটি। অবনমন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট ওপরে রয়েছে তারা। ১৯৭৭-৭৮ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নশিপে নামার শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
দাপুটে জয়ের পর উচ্ছ্বাস ঝরল আর্তেতার কণ্ঠে। ম্যাচ শেষে এই কোচ বলেন, ‘আমরা কী দিয়ে তৈরি, সেটা দেখিয়েছি-এমন অনুভব হচ্ছে। কিন্তু এরপর, এমন পারফরমেন্স আবার এবং বারবার করতে হবে। কেননা, প্রতিটি ম্যাচ শেষে যদি আপনাকে বিশ্লেষণ করতে হয় যে আপনি কেমন অনুভব করছেন, তাহলে বিষয়টা রোলারকোস্টারের মতো হবে এবং এটা টেকসইও নয়।’ টটেনহ্যাম ম্যাচের আগের রাউন্ডে আর্তেতার দল মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটনের। সেদিন জয়ের দারুণ আশা জাগিয়েও, প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ ড্র নিয়ে ফিরেছিল। এই ম্যাচে জয়ের পর আগের ম্যাচের কথাও স্মরণ করলেন আর্তেতা। তিনি বলেন, ‘উলভসের বিপক্ষে যা ঘটেছিল এবং যেভাবে আমরা শেষ মুহূর্তে দুই পয়েন্ট হারিয়েছিলাম, সেটা কঠিন ছিল। কিন্তু এটাই খেলার সৌন্দর্য্য। কিভাবে আমরা ম্যাচটি ড্র করলাম, তার কোনো গুরুত্ব নেই। যে কোনো দৃষ্টিকোণ থেকে, আপনি যদি ম্যাচটি দেখেন, বলবেন- এটা অসম্ভব। এবং এটা আপনাকে আবার দেখতে হবে এবং বলতে হবে, এমনটা আর হবে না।’
এদিকে, নটিংহ্যাম ফরেস্টের মাঠে অন্তিম মুহূর্তে জয়ের পর দলের পারফরমেন্সের মান নিয়ে প্রশ্ন তুলেছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তার কাছে এই ম্যাচ ছিল ‘আমরা যত ম্যাচ খেলেছি, তার মধ্যে সবচেয়ে বাজে’। সিটি গ্রাউন্ডে নিজেদের ছায়া হয়ে ছিল লিভারপুল। সাবেক অধিনায়ক জেমি ক্যারাঘার প্রথমার্ধের পারফরমেন্সকে ‘হরর শো’ বলেছেন। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে তিন পয়েন্ট পেয়েছে লিভারপুল। স্টপেজ টাইমে ভিএআরে গোল বাতিল হওয়ার কয়েক মিনিট পর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জাল কাঁপান। ম্যাচ শেষে স্লট বলেন, ‘প্রথমার্ধ ছিল খুব বাজে। এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বাজে। যদিও দ্বিতীয়ার্ধ ছিল তুলনামূলকভাবে ভালো, আমরা অনেক বেশি খেলা নিয়ন্ত্রণ করতে পেরেছি। পারফরমেন্সের কথা বললে, বিশেষ করে প্রথমার্ধে আমরা এই মৌসুমে যে মানের ফুটবল খেলেছি, আজকেরটা ততটা ভালো ছিল না। তবে অনেকবার এমন হয়েছে যে ভালো খেলেও আমরা ম্যাচের ফলাফলে পিছিয়ে ছিলাম। আমার মনে হয়, আমরা যা পাওয়ার যোগ্য ছিলাম তার চেয়ে বেশি পেয়েছি।’ শেষটা ছিল নাটকীয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ম্যাক অ্যালিস্টার জাল কাঁপান। তার আগে ৮৯তম মিনিটে এই আর্জেন্টাইনের একটি গোল বাতিল হয়।



