প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, নষ্ট হয়ে গেছে এবং দুর্নীতির ছোঁয়া রয়েছে : প্রতিমন্ত্রী মিল্লাত

বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো চালু করাসহ বিমানকে লাভজনক করা এবং টিকিটের দাম কমানো সম্ভব বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জামালপুর জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। প্রতিশ্রুতিগুলোর মধ্যে কৃষিঋণের ১০ হাজার টাকা মওকুফের উদাহরণও দেন তিনি।
তিনি আরও বলেন, সরকারে থেকে বোঝা যাচ্ছে-প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, নষ্ট হয়ে গেছে এবং দুর্নীতির ছোঁয়া রয়েছে। সেগুলো সংস্কার করতে সময় চান তিনি। পাশাপাশি জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করতে সহায়তার কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার ড. চৌধুরি মো. যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।



