বাহাউদ্দিন আলম: আমি নিজের জীবন ও আশপাশের অনেক মানুষের জীবন দেখে একটা জিনিস শিখেছি, শুরুটা কোথা থেকে হচ্ছে, সেটাই শেষ কথা নয়।
সবাই নামী স্কুলে পড়বে না, সবার পরিবারে একই সুযোগ থাকবে না। আমার নিজের জীবনেও অনেক কিছু পরিকল্পনা করে হয়নি। ধীরে ধীরে শিখেছি, অনেক মানুষের সাহায্য পেয়েছি, অনেকবার ভুল করেছি।
আজকের একটা বড় সুবিধা হলো ইন্টারনেট। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের লেকচার, বই, কোড, গবেষণাপত্র—অনেক কিছুই এখন হাতের কাছে।
তাই নিজের অবস্থাকে অজুহাত না বানিয়ে যতটুকু সুযোগ আছে, সেটা দিয়ে শুরু করা দরকার।
আরেকটা কথা আমি বিশ্বাস করি, শুধু প্রতিভা দিয়ে বেশি দূর যাওয়া যায় না। দীর্ঘ সময় চেষ্টা করতে হয়। কখনো ফল আসবে, কখনো আসবে না। ব্যর্থতার পরও চেষ্টা করতে হয়।
নিজের ওপর বিশ্বাস রাখুন, তবে একই সঙ্গে বিনয়ী থাকুন এবং অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করুন।
আমার বিশ্বাস, আন্তরিক ইচ্ছা, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম করলে খুব সাধারণ জায়গা থেকেও অনেক দূর যাওয়া সম্ভব।
