বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রসঙ্গে অনলাইন বাছাই আজ

সারাদেশে একযোগে শুরু হচ্ছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অনলাইনে বাছাই পর্ব। শনিবার ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় এই বাছাই পর্ব শুরু হবে। বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।
এবারের বিডিজেএসওতে দেশের ৬৪টি জেলা থেকে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে। তারাই শনিবার সন্ধায় অনলাইন বাছাই পর্বে অংশ নেবে। এতে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্নের সমাধান করতে হবে।
এবারের অলিম্পিয়াড তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাইমারি ক্যাটাগরি, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র ক্যাটাগরি এবং ৯ম শ্রেণি থেকে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সেকেন্ডারি ক্যাটাগরি। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন ও মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।
অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৮ আগস্ট, শুক্রবার, রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিডিজেএসওর জাতীয় পর্ব। জাতীয় পর্বে সারাদেশ থেকে নির্বাচিত প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশ নেবে। দিনব্যাপী এই আয়োজনে থাকবে লিখিত পরীক্ষা, বৈজ্ঞানিক সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


